ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে জেতালেন রাইলি রুশো। কার্ডিফে তার ৫৫ বলে ৯৬ রানের ইনিংসে ইংল্যান্ডকে ৫৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে ২৩৪ রান তাড়া করা প্রথম ম্যাচে রুশো ৪ রান করেছিলেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে রেজা হেন্ড্রিকসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৩ রান করেন রুশো। ৩২ বলে ৫৩ রান করেন রেজা। এরপর হেনরিক ক্লাসেন ও ট্রিস্টান স্টাবসকে নিয়ে ২০৭ রান এনে দেন রুশো নিজে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে। জবাব দিতে নেমে শুরুর দিকে ইংল্যান্ড ছন্দে ছিল। জেসন রয় (২০), বাটলার (২৯), মঈন আলি (২৮) এবং জনি বেয়ারস্টো (৩০) চেস্ট করেছেন। কিন্তু মিডিয়াম ফাস্ট বোলার আনডিলে ফেলুকাওয়া আর স্পিনার তাবরেজ শামসির দাপটে মাত্র ১৬.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দুই প্রোটিয়া বোলার ৩টি করে উইকেট নিয়েছেন। লুনগি এনগিদি দুটি উইকেট নেন। সিরিজের শেষ টি-টোয়েন্টি রবিবার।