মিউজিক ভিডিওর শুটিং সেটে ঢুকে আটজন নারী মডেলকে ধর্ষণ করেছে একদল বন্দুকধারী। এসময় সেটে থাকা পুরুষদেরও নগ্ন করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে ঘটেছে বর্বরোচিত এ ঘটনা।
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্প শহরের উপকণ্ঠে ওই শুটিং সেটে হামলা চালায় প্রায় ২০ জন সন্দেহভাজন বন্দুকধারী। মিউজিক ভিডিও শুটের প্রস্তুতি নেওয়ার সময় মডেল ও ক্রুদের আক্রমণ করে তারা।
ভুক্তভোগী নারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এক নারীকে ১০ জন এবং আরেকজনকে আটজনে মিলে গণধর্ষণ করেছে। এমনকি পুরুষদেরও কাপড়চোপড় খুলে নেওয়া হয় এবং তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয় বন্দুকধারীরা।
এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে, তারা বিদেশি নাগরিক, মূলত ‘জামা জামা’।
দেশটিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনকারীদের ‘জামা জামা’ বলা হয়। এদের বেশিরভাগই জিম্বাবুয়ে অথবা মালাউইর অভিবাসী।