ডব্লিউএইচও’র সতর্কতা

মাঙ্কিপক্সে মৃত্যু বাড়বে

বিশ্বে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শনিবার সংস্থাটির ইউরোপীয় দপ্তর থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে এএফপি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড এক বিবৃতিতে বলেন, ‘ইউরোপে মাঙ্কিপক্সের বিস্তার অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে আরও মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে।’ মাঙ্কিপক্সের সংক্রমণ বন্ধে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে জলদি পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইউরোপে মাঙ্কিপক্স ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা আরও উড়িয়ে দিচ্ছি না। তবে অনেক রোগীই আক্রান্ত হয়ে আবার এমনিতেই সেরে যাচ্ছে।’

শনিবার স্পেনে দ্বিতীয় এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।