স্বাক্ষর জাল করে জিপিএফের টাকা হাতানোর অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধানের স্বাক্ষর জাল করে এক কর্মীর জেনারেল প্রফিডেন্ড ফান্ডের (জিপিএফ) টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই জালিয়াতির শিকার হয়েছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শারমিন নাহার। তার ২ লাখ ৮২ হাজার টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হাসান ইমাম পলাতক রয়েছেন বলে জানা গেছে। গত ২৬ জুলাই শারমিন নাহার বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ও তার জিপিএফ হিসাবে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন।

শারমিন নাহার তার আবেদনে বলেছেন, ব্যক্তিগত কাজে টাকার প্রয়োজন হওয়ায় জিপিএফ হিসাব সিøপ বের করলে সেখানে দেখা যায়, ২ লাখ ৮২ হাজার টাকা অগ্রিম ঋণ উত্তোলন করা হয়েছে। অথচ তিনি ঋণের জন্য কোনো আবেদনই করেননি। পরবর্তীকালে নারায়ণগঞ্জ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, প্রতিষ্ঠানপ্রধান ছামিদুল হকের স্বাক্ষরিত জিপিএফ মঞ্জুরি আদেশের মাধ্যমে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. হাসান ইমাম হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. মাসুমের কাছ থেকে চেক তুলে নিয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জিপিএফের টাকা উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি লিখিত পত্র দিতে হয়। এরপর আবেদনকারীর স্বাক্ষর মিলিয়ে নেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানের লিখিত চিঠিও প্রয়োজন হয় জিপিএফের টাকা তুলতে। কিন্তু এই ঘটনায় অনেক কিছুরই ব্যত্যয় ঘটেছে।

জানতে চাইলে ওই টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ছামিদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে জিপিএফ ফান্ডের টাকা উত্তোলন করা হয়েছে, এটা আমি নিশ্চিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হাসান ইমাম পলাতক রয়েছে। আমরা এ ব্যাপারে থানায় সাধারণ অভিযোগ (জিডি) করেছি। টাকা উদ্ধারের জন্য যা যা করার দরকার তা আমরা করছি। হাসান ইমামকে ধরতে পারলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত।’

তবে ছামিদুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘জিপিএফের ঋণের টাকা ক্রস চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন কেউ আমার স্বাক্ষর জালিয়াতি করে চেক নিলেও ভুক্তভোগীর অ্যাকাউন্ট ছাড়া এই টাকা কীভাবে তুলল তা বুঝতে পারছি না। এখন আমাকে ফাঁসানোর জন্য এ ধরনের ঘটনা কেউ ঘটাচ্ছে কিনা তা নিয়েও আমি সন্দিহান।’