ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ফুটকিবাড়ি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খতিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

শনিবার রাণীশংকৈল থানায় নির্বাচনী সহিংসতার ঘটনার বর্ণনা দিয়ে একটি এজাহার জমা দেন তিনি।

প্রিসাইডিং কর্মকর্তা খতিবুর রহমান উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) হিসেবে কর্মরত আছেন।

খতিবুর রহমান বলেন, গত বুধবার শেষ বিকেলে নির্বাচন-পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে মেম্বার পদের দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। একটি পক্ষ পুলিশের ওপর আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং অবরোধ করে রাখে। এতে এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুই পুলিশ সদস্য আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সুরাইয়া নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।