জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। সকাল ৯টায় কলা ও মানবিক অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্যদিয়ে এ পরীক্ষা শুরু হবে।
চলতি বছর ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ১৫১ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা দেবেন। পরের দিন সোমবার ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আসনসংখ্যা ৩৮৬। আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৪৮। মঙ্গলবার ‘এ’ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে প্রথম শিফটে (সকাল ৯টা থেকে ১০টা) এ ইউনিটের বাকি ভর্তি-ইচ্ছুকদের পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে আসন ৪৬৬। পরীক্ষায় অংশ নেবেন ৭৬ হাজার ৩৭৯।
বুধবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদেরও ভর্তি পরীক্ষা হবে। পরের দিন বৃহস্পতিবার আরও তিনটি শিফটে এই ইউনিটের বাকি শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ৮৭ হাজার ৭২৮। প্রথম তিনটি শিফট পরে বৃহস্পতিবার ‘ঙ’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা হবে।