হাইকোর্টে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ১১ জন নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- জেলা ও দায়রা জজ (এলপিআরএল ভোগরত) শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির-উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে শপথগ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।