অমিত হাবিবের কাজকে এগিয়ে নিতে সহকর্মীদের প্রত্যয়, খোলা হয়েছে ‘শোক বই’

সদ্য প্রয়াত দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবের কাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর সহকর্মীরা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অমিত হাবিবের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত মিলাদের আগে সহকর্মীরা এই প্রত্যয় ব্যক্ত করেন।

মিলাদের আগে বক্তারা বলেন, প্রজ্ঞা, ব্যক্তিত্ব, আর সাংগঠনিক নেতৃত্বের বলিষ্ঠতায় অমিত হাবিব হয়ে উঠেছিলেন অনন্য। সাংবাদিকতায় তিনি পথিকৃৎ। তার স্বপ্নের জায়গা এবং সবশেষ কর্মক্ষেত্র ছিল দৈনিক দেশ রূপান্তর। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং এই পত্রিকাটির মধ্য দিয়েই গণমানুষের হৃদয় ছুঁতে চেয়েছিলেন তিনি। সফলও হয়েছিলেন অনেকটা।

বক্তারা বলেন, নীরবে-নিভৃতে থাকা অমিত হাবিবের মৃত্যু অগণিত মানুষকে কাঁদিয়েছে। মানুষের অকুণ্ঠ ভালোবাসা প্রমাণ করেছে, তিনি কতটা মানুষকে ছুঁতে পেরেছিলেন। অমিত হাবিবের কাজকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই মূলত তাকে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা জানানো সম্ভব হবে। 

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, সৃজনশীল কর্ম-নৈপুণ্যে দেশ রূপান্তরকে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছিলেন অমিত দা। তার স্বপ্ন এবং পরিকল্পনায় ভর করে যে দেশ রূপান্তর প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সবাই সেই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেব। দেশ রূপান্তরকে আরও বেশি উজ্জ্বল করতে পারলেই অমিত দা’কে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

মোস্তফা মামুন জানান, শিগগিরই অমিত হাবিবকে নিয়ে একটি নাগরিক স্মরণ সভা আয়োজন করা হবে। এছাড়া, একটি স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনার কথাও জানান দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক।

দেশ রূপান্তরের উপদেষ্টা আব্দুল গাফফার বলেন, এক বৃহস্পতিবার অমিত দা স্ট্রোক করলেন, পরের বৃহস্পতিবার তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। সাংবাদিকতার আইকন ছিলেন তিনি। আমরা এখন অমিত দা’র দেখানো পথেই সামনে হাঁটব। দেশ রূপান্তর নিয়ে অমিত দার স্বপ্ন ছিল। আমরা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব, তার কাজের মধ্য দিয়েই অমিত দাকে শ্রদ্ধা জানাব।

রূপায়ণ গ্রুপ সব সময় দেশ রূপান্তরকে এগিয়ে নিতে পাশে থাকবে বলে উল্লেখ করে আব্দুল গাফফার বলেন, অমিত দা অসুস্থ হওয়ার পর থেকেই রূপায়ণ গ্রুপ পাশে ছিল। তার সুচিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। কিন্তু অমিত দা’কে বাঁচানো সম্ভব হলো না। তার মৃত্যু খবর জানার পরও রূপায়ণ গ্রুপ পাশে থেকেছে। দেশ রূপান্তরের ভালো কিছুর জন্য সব সময় পাশে আছে রূপায়ণ গ্রুপ।

মিলাদে দোয়া পরিচালনা করেন দেশ রূপান্তরের সহ-সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ। এছাড়া অমিত হাবিবকে নিয়ে স্মৃতিচারণ লেখার জন্য দেশ রূপান্তরের অভ্যর্থনা কক্ষে একটি শোক বই খোলা হয়েছে। সেখানে অমিত হাবিবের সহকর্মীরা শোক প্রকাশ করে বিভিন্ন মন্তব্য লিখেন।

মিলাদে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মিডিয়া কো–অর্ডিনেটর মেহেদী হাসান, আবাহনী ক্লাব লিমিটেড সমর্থক গোষ্ঠীর সহসভাপতি আসাদুজ্জামান বাদশা এবং দেশ রূপান্তরের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

ভালুকায় অমিত হাবিব স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:

দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব স্মরণে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে  দেশ রূপান্তরের ভালুকা প্রতিনিধি শাহ মো. আলী আজগরের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা উপজেলা শাখার সভাপতি এস.এম শাহজাহান সেলিম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মো. আকরাম হোসেন, আক্কাছ আলী, মাহমুদুল হাছান ফোরাতসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।