দুদকের মামলা

হাজী সেলিমের আপিল শুনানি ২৩ অক্টোবর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১০ বছরের কারাদ-প্রাপ্ত ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের জামিনের আবেদন নথিভুক্ত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সাজা থেকে খালাস চেয়ে করা আপিল ও জামিনের আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর ধার্য করেছে সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

আদালতে হাজী সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা একটি জামিনের আবেদন করেছিলাম। আদালত সেটি নথিভুক্ত করে শুনানির তারিখ দিয়েছে। সংগত কারণেই আমাদের ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এর আগে গত ৬ জুন হাজী সেলিমের জামিনের আবেদনের ওপর কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ১৪ বছরের বেশি সময় আগে বিচারিক আদালতে মোট ১৩ বছরের কারাদ- হয় হাজী সেলিমের। আপিলের পর গত বছরের ৯ মার্চ হাইকোর্ট তার ১০ বছরের সাজা বহাল রাখে। গত ২২ মে আদালত আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।