দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও তার চাচাসহ তাদের অনুগত লোকদের বিরুদ্ধে জমি দখল নিয়ে আদিবাসীদের করা সংবাদ সম্মেলনটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন স্থানীয় আদিবাসী নেতারা।
দিনাজপুর প্রেস ক্লাবে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় আদিবাসী নেতা শ্যামল মার্ডি। এসময় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ, এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারী শ্রীমন এস সরেন, আদিবাসী সালেমান মার্ডি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ৫ শতাধিক স্থানীয় ও আদিবাসী অংশ নেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেওয়ায় পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা ছয়জন আদিবাসীকে দিয়ে এমপি শিবলী সাদিককে জড়িয়ে সংবাদ সম্মেলন করায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুর-৬ আসন নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এই চারটি উপজেলায় আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দিনাজপুর-৬ আসনের আদিবাসী জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান এবং তার ছেলে বর্তমান এমপি শিবলী সাদিক ছাড়া কেউ এগিয়ে আসেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় এ আসনের আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট বিদ্যুৎ, স্যানিটেশন ব্যবস্থাসহ জীবনমান উন্নয়নে এমপি শিবলী সাদিক নিরলস কাজ করে যাচ্ছেন।
এর ধারাবাহিকতায় বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতায় নৌকা প্রতীকে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি চিত্তরঞ্জন পাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা এ অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রথম।
‘বর্তমানে এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত অর্থায়নে দিনাজপুর-৬ আসনের শত শত আদিবাসী শিক্ষার্থী লেখা পড়া করছে। এমপি শিবলী সাদিক এবং তার পরিবার আওয়ামী লীগ এবং আদিবাসী জনগোষ্ঠীর আপনজন হওয়ায় তাদেরই একজন প্রতিনিধি বর্তমানে এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারী। এর ফলে প্রতিবারই আদিবাসী জনগোষ্ঠীর ভোটেই এ পরিবারের সদস্যরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়ে এসেছেন।’
আপনারা অবগত আছেন যে, এক সময় দিনাজপুর-৬ আসন ছিল জামায়াতের ঘাঁটি।এমপি শিবলী সাদিক পরপর দুইবার আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হওয়ার পর দিনাজপুর-৬ আসনকে আওয়ামী লীগের ঘাঁটিতে রূপান্তরিত করেছেন। দীর্ঘ ১৭ বছর পর বিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। হাকিমপুরে পরপর দুইবার আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। চারটি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। বয়স ও সময়ের তুলনায় অনেক দ্রুত এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাই এমপি শিবলী সাদিককে দল এবং জনগণের কাছে হেয় করতে এবং বিএনপি জামায়াতকে দিনাজপুর-৬ আসনে প্রতিষ্ঠিত করতে একটি মহল ষড়যন্ত্রে মেতেছে। সেই কুচক্রী মহলটি নিজেরাই হিন্দু, আদিবাসীদের জমি দখল, কয়লা পাচার নিয়োগ বাণিজ্যসহ কোটি কোটি টাকার বাণিজ্যে জড়িত। সেই সংবাদ সম্মেলনে এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে কোন দালিলিক অভিযোগ না থাকলেও দুঃখজনক হলেও সত্যি কিছু মিডিয়া এমপি শিবলী সাদিককে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে।
গত শনিবারে ছয়জন আদিবাসী তাদের জমি দখলের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে জমির দাগ, খতিয়ান, মৌজা কিছুই উল্লেখ নেই। কারও জমি নিজ দখলে থাকলে তার কাছে সেই জমির দলিল, পর্চা, খাজনা খারিজ থাকবে। কিন্তু সংবাদ সম্মেলনে সে সবের কোনো দালিলিক তথ্য উপস্থাপন করা হয়নি।
স্বত্বাধিকারী সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনসহ তার কয়েকজন অনুগত ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনটি করেছিলেন নবাবগঞ্জ উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাঁওতাল সুজন টুডু, জেঠা হেমব্রমের ছেলে গণেশ হেমব্রম, উকিল হেমব্রম, রুবেন মার্ডি, লুইস হাসদা, খুকুমনি হেমব্রম প্রমুখ।