ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত আব্দুর রহিম এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো এবং প্রকৃত ঘটনা সরেজমিনে গিয়ে তদন্তে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি গঠন করেন।
কমিটির বাকি সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বিএনপির অভিযোগ গত ৩১ জুলাই বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ-মিছিলের কর্মসূচিতে পুলিশ অতর্কিতে হামলা ও গুলিবর্ষণ করলে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আব্দুর রহিম নিহত এবং অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ভোলা গিয়ে আহত নেতাকর্মী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করব। তাদের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেব। ঘটনার বিষয়ে সরেজমিনে মানুষের কাছ থেকে শুনব।