রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভা কক্ষে ফল প্রকাশ করা হয়।
সি ইউনিটের সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাহেদ জামান বলেন, সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে আমরা পরীক্ষার সব খাতা মূল্যায়ন করেছি। ফলাফল যাচাই-বাছাই শেষে এবছর পাশের হার ৩৮.৯ শতাংশ।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া ও রেজাল্ট প্রকাশ করারসহ আগে ও পরে সব কাজ সম্পন্ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে তারা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করেছে, তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ফলাফলে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হয়েছে বলে জানান উপাচার্য।
প্রসঙ্গত, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।