দুর্নীতিবাজদের পক্ষে কোনো সংবাদ নয় : দুদক চেয়ারম্যান

যারা ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের পক্ষে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতিবাজদের পক্ষে কোনো সংবাদ যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনাদের কাজটি মূল্যায়ন পাবে।’

গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মঈনউদ্দীন আব্দুল্লাহ। এ সময় দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন, র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সত্য কথা লিখলে অনেকেই মন খারাপ করেন, করবেন। তারপরও আপনারা নির্মোহভাবে ও অকপটে সত্য কথা লিখবেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদের সহযোগিতা করবেন। এতে আমাদের অনুসন্ধান-তদন্তে সুবিধা হবে।’