রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অর্ধশতাধিক অবৈধ ওয়াকিটকি সেট এবং যন্ত্রাংশসহ রাকিবুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করেছেন র্যাব। গত সোমবার রাতের এই অভিযানে ৬৮টি ওয়াকিটকি সেট এবং ওয়াকিটকি সেটের ১৫টি ব্যাটারি, ৫২টি চার্জার, ৫৩টি হেডফোন ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-৩-এর পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য জানান।
র্যাব জানায়, আটক রাকিব একজন ঠিকাদার। তিনি বৈধ লাইসেন্স নিয়ে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট আমদানি করে অবৈধভাবে মজুদ রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। রাকিবের কাছ থেকে উদ্ধার করা ওয়াকিটকি এবং যন্ত্রাংশ ব্যবহার সংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। উদ্ধার করা এসব ওয়াকিটকি ব্যবহার করে অর্ধকিলোমিটার দূর পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। যা সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হতো। আর অপরাধীরা এসব ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাত।
বীণা রানী দাস বলেন, ‘এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’