নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়িপল্লী মায়াঘাসি পাহাড়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ওই কৃষকের লাশ মঙ্গলবার রাত ১০টায় উদ্ধার করা হয়।

পারিবারিক সত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের কোনো এক সময় বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি।

পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যার পর পাহাড়ে খোঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত দশটার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি অতর্কিতে তার উপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে হত্যা করে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বন্য হাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহিনে অবস্থান করছিল।