রাজধানীর কারওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে গত ২১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইল ফোন ছিনতাই হয়। ঘটনার ১১ দিন পর মোবাইলটি উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। এ সময় ছিনতাইকারীকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইলফোন উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বুধবার সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এদিকে ফোন উদ্ধার ও ছিনতাইকারী আটকের খবরে উচ্ছ্বাসিত পারিসা।
তিনি বলেন, ফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক।
আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হয় আমি সেই নিশ্চয়তা চাই।
জানা যায়, গত ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদরঘাটে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজারে যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার জন্য পিছু নেন তিনি। এ সময় পাশেই আরেক ছিনতাইকারী মোবাইল ফোন ছিনতাই করছিল। তখন এই ছিনতাইকারীকে তিনি ধরে ফেলেন এবং মাটিতে ধরাশায়ী করে ফেলেন।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় এবং সবাই পারিসাকে ‘সাহসী কন্যা’ বলে আখ্যা দেয়। পরে ওই ছিনতাইকারী ও তার এক সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগী শিক্ষার্থী।