কম বৃষ্টি হয়েছে জুলাইয়ে, বেড়েছে গরম

জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ০.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক অপেক্ষা বেশি ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৪৯৬ মিলিমিটার কিন্তু সেখানে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাত হয়েছে ২১১ মিলিমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগস্ট ২০২২ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বায়ুমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্পের উপস্থিতি, প্রখর সূর্যকিরণ এবং সর্বোপরি মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণে জুলাই মাসের ৫, ৭ থেকে ২১, ২৩ এবং ২৯ তারিখে রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সবোর্চ্চ তাপমাত্রা ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস ১৩ জুলাই রাজশাহীতে ও ১৪ জুলাই সৈদপুরে রেকর্ড করা হয়। 

এতো আরো বলা হয়েছে, মৌসুমী বায়ু দুর্বল থাকায় এ মাসে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২২ থেকে ২৪ ও ৩০, ৩১ জুলাই সারা দেশে বিচ্ছিন্নভাবে প্রবল বজ্রপাত ও বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্ট মাসেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ‌এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।