টি-টোয়েন্টিতে ভারতের হয়ে বিরল এক রেকর্ড করেছেন হার্দিক পান্ডিয়া। যে রেকর্ড আগে ছুতে পারেননি আর কোনো ভারতীয়। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছুঁয়েছেন ৫০ উইকেটের মাইলফলক। সঙ্গে আছে আরও এক নজির। আর তাতেই হয়ে যায় বিরল এই রেকর্ড।
ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ান ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন হার্দিক। ক্যারিবিয়ান ওপেনারের স্টাম্প ছিটকে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন ভারতের তারকা অলরাউন্ডার। হার্দিক সেই সুবাদে প্রথম ভারতীয় ক্রিকেটারে পরিণত হন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যার ঝুলিতে ৫০০-র বেশি রান ও ৫০টি উইকেট রয়েছে।
হার্দিক ছাড়া ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি বা তারও বেশি উইকেট নিয়েছেন ইয়ুজবেন্দ্র চাহাল (৭৯), ভুবনেশ্বর কুমার (৭৩), জাসপ্রিত বুমরাহ (৬৯), রবিচন্দ্রন অশ্বিন (৬৪) ও রবীন্দ্র জাদেজা (৫০)।
তবে এই পাঁচজনের কেউই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান করেননি। জাদেজার সম্ভাবনা রয়েছে সামনে এই রেকর্ড গড়ার। তার নামের পাশে এখন ৪২২ রান।