মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা ছড়া থেকে আব্দুল মন্নান (৬৭) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় লাঘাটা ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মকবুল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল মন্নান মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশের লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে লাঘাটা ছড়ায় কাঁদার মধ্যে তার লাশ দেখতে পান।
ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
নিহত আব্দুল মন্নানের ছেলে তালেব মিয়ার দাবি, তার বাবা প্রায় সময়ই রাতে বড়শি দিয়ে মাছ শিকার করতেন। হয়তো মাছ শিকার করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’