মোংলায় বাঘের থাবায় আহত হওয়া একটি মায়া হরিণকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আবারও বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
বুধবার দুপুরে হরিণটিকে সুন্দরবনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে বাঘের থাবা খেয়ে লোকালয়ে চলে আসে মায়া হরিণটি। এরপর বরইতলা গ্রামের মান্নানের বাড়ি থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।
মো. আজাদ কবির বলেন, সোমবার রাত থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর বুধবার দুপুরে হরিণটিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়। বাঘের আক্রমণে হরিণটির মাথার শিং, একটি পা ও পেছনের অংশে মারাত্মক ক্ষত হয়েছিল। ওষুধ খাইয়ে ও ড্রেসিং করে ক্ষত শুকানোর পর সুস্থ করে হরিণটি বনে ছাড়া হয়।