জবি ছাত্রীর মোবাইল উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই চার্জশিট

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আকতারের ছিনতাই হওয়া মোবাইল ফোনসেট অবশেষে উদ্ধার করা হয়েছে। কারওয়ান বাজারের একটি দোকান থেকে ছিনতাইকারীদের বিক্রি করে দেওয়া ফোনসেটটি উদ্ধার করা হয়। এ সময় দুই ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হচ্ছে মূলহোতা রিপন ওরফে আকাশ, রাশেদুল ইসলাম ও শফিক (২১)। এর মধ্যে শফিক ছিনতাইকারীদের কাছ থেকে ফোনটি কিনেছিল। গতকাল বুধবারই মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। গতকাল সকালে তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ জুলাই রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারিশা আকতারের মোবাইলটি বাস থেকে ছিনিয়ে নেয় রিপন ওরফে আকাশ। তাকে ধাওয়া করলে ফোনসেটটি আরেক ছিনতাইকারীর (শিশু হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) কাছে হাতবদল করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অপরাধীর বিষয়ে অভিযোগকারীর মৌখিক বর্ণনা অনুযায়ী কাজ শুরু করে তেজগাঁও থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কিশোর রাশেদুলকে ২৪ জুলাই কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে সে ছিনতাইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তারা দুজন মিলে ছিনতাই করেছে। কারওয়ান বাজারের একটি দোকান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। দোকানটির মালিক মো. শফিককে গ্রেপ্তার করা হয়। তারা ৪ হাজার টাকায় ফোনসেটটি বিক্রি করে। রিপন ১ হাজার আর রাশেদুল নেয় ৫০০ টাকা। বাকি টাকায় মদ কিনে খায়।

সংবাদ সম্মেলনে ঘটনার শিকার শিক্ষার্থী পারিশা বলেন, ‘আমি আসলে অনেক খুশি। পুলিশ প্রতিনিয়ত আমাকে আপডেট জানিয়েছে। ছিনতাইকারী ধরা পড়েছে তাতে খুশি। আর ছিনতাইকারী যাতে আবার ছাড়া পেয়ে ছিনতাইয়ে না জড়ায়।’