মানবতাবিরোধী অপরাধ

ময়মনসিংহ-যশোরের ২২ আসামির প্রতিবেদন চূড়ান্ত

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ২২ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল বুধবার ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে ৮৪ ও ৮৫তম প্রতিবেদন উপস্থাপন করেন তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক। এই ২২ জনের মধ্যে যশোরের আছে ১৫ জন। বাকিরা ময়মনসিংহের।

যশোরের বাঘারপাড়া থানা ও কোতোয়ালী এলাকায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে একই এলাকার ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করেছে তদন্ত সংস্থা। তাদের মধ্যে গ্রেপ্তার ৬ আসামি হলেন ডা. লুৎফর রহমান (৭১), মো. খয়বার রহমান (৭০), মো. নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম (৬৮), মো. আবুল হোসেন বিশ্বাস (৬৮), মো. আবু বকর ওরফে আবু বক্কার মোল্লা (৬৯) ও মো. হোসেন আলী মোল্যা (৭২)। পলাতকদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাঘারপাড়া এলাকায় ১৩ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, ১০-১২ জনকে নির্যাতন ও বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ৬টি অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহের ঈশ^রগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি থানা এবং নেত্রকোনার কেন্দুয়া এলাকায় হত্যা ও নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ঈশ^রগঞ্জের ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. শহীদুল্লাহ ফকির (৭৩), মো. হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০) ও মো. আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সী (৭০)। পলাতক ৪ জনের নাম প্রকাশ করেননি তদন্ত কর্মকর্তারা। আসামিদের বিরুদ্ধে ৬ জনকে হত্যা, ৩ জনকে নির্যাতন ও ১০-১২টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৫টি অভিযোগ আনা হয়েছে।