নয়াপল্টনে নিহত ছাত্রদল নেতার জানাজা সম্পন্ন

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে, বুধবার (০৩ আগস্ট) রাতে নূরে আলমের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

গত রোববার (৩১ জুলাই) বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ ৩৫ রাউন্ড টিয়ারসেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। প্রাণ হারায় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী।

ওই সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গুরুতর আহত হন। ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং ওই দিনই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (৩ আগস্ট) দুপুরে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম রাজধানীর কমফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এদিকে নূরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে তারা।