নূরে আলম ও রহিমের হত্যার প্রতিশোধ নেবো: মির্জা ফখরুল

শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে ভোলা ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমের হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কতৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। এইজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। 

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সাড়ে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের জানাজা পূর্ব সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ। এর চেয়ে যন্ত্রণার কিছু নাই। আমাদের ছেলে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকায় বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, আজকে নতুন নয়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ৬শ’ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

আগামী ৫-৭ তারিখ পর্যন্ত শোক পালন করার জন্য বিএনপি সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করবে, কালো পতাকা উত্তোলন করবে। ৬ আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে, ৭ আগস্ট কৃষকদল সমাবেশ করবে, ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ হবে।

এর আগে ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) মৃত্যুবরণ করেন।