লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে রাজধানীর সনি সিনেপ্লেক্সে 'পরাণ' সিনেমা দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে।
এদিকে স্টার সিনেপ্লেক্সে লুঙ্গি পরে সিনেমা দেখতে কোনো নিষেধ আছে কিনা জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের স্টার সিনেপ্লেক্সে কোনো ড্রেস কোড নেই। যে কেউ যে কোনো পোশাক পরে সিনেমা দেখতে আসতে পারে। লুঙ্গি পরে সিনেমা দেখাতেও কোনো বাধা নেই।’
ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। এই ঘটনা কেন ঘটল? এটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা শিগগিরই অফিসিয়াল বিবৃতি দিব।’
উল্লেখ্য, বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে ‘পরাণ’ সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। জানা যায়নি তার নাম ও পরিচয়। লুঙ্গি পরা থাকায় তার কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই মনে কষ্ট নিয়ে বের হয়ে যান। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হাফহাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬০ বছর। সেই ভিডিওতে তাকে একজন প্রশ্ন করেন, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেন? লুঙ্গি পরা ব্যক্তিটি বলেন, ‘আমি লুঙ্গি পরা। লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। ’
কিছুক্ষণ পর তাঁকে আবার প্রশ্ন করা হয়, তাহলে এখন সিনেমা দেখবেন কীভাবে? লুঙ্গি পরা ব্যক্তি বলেন, ‘এখন চলে যাব। চলে যাচ্ছি। ’ বয়স্ক ওই ব্যক্তিকে দেখা যায় হাসিমুখে বের হয়ে যেতে। তার মুখে হাসি থাকলেও এমন ঘটনায় ব্যথিত ‘পরাণ’ পরাণ ছবির নায়ক শরীফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম ও রাজ ফেসবুকে পোস্ট দিয়ে ওই বৃদ্ধের সন্ধান চেয়েছেন ও একসঙ্গে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।