সেই ‘লুঙ্গি পরা বৃদ্ধ’কে বিনা মূল্যে ‘পরাণ’ দেখাল স্টার সিনেপ্লেক্স

লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে রাজধানীর সনি সিনেপ্লেক্সে 'পরাণ' সিনেমা দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি ভিডিও বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনা চলছিল ফেসবুকে। সেই সমালোচনার আগুনে এবার পানি ঢেলে দিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ভুক্তভোগী ওই বৃদ্ধ’র প্রতি সম্মান জানিয়ে বিনামূল্যে সিনেমা দেখার ব্যবস্থা করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সন্ধ্যা সাড়ে সাতটার শো’তে পরিবারের ১০/১২জন সদস্যকে সঙ্গে নিয়ে ‘পরাণ’ সিনেমা দেখেন বৃদ্ধ সামান আলী সরকার।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটার সমাধানের জন্য আমরা সামান আলীকে খুঁজে বের করে পরিবারসহ সিনেমা দেখার আমন্ত্রণ জানাই। তিনি আজ সন্ধ্যা সাড়ে সাতটার শো’তে তার পরিবারের ১০/১২জন সদস্যসহ এসেছিলেন সিনেমা দেখতে।’

এর আগে এই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছিলেন, ‘আমাদের স্টার সিনেপ্লেক্সে কোনো ড্রেস কোড নেই। যে কেউ যে কোনো পোশাক পরে সিনেমা দেখতে আসতে পারে। লুঙ্গি পরে সিনেমা দেখাতেও কোনো বাধা নেই।’

উল্লেখ্য, বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে ‘পরাণ’ সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। জানা যায়নি তার নাম ও পরিচয়। লুঙ্গি পরা থাকায় তার কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই মনে কষ্ট নিয়ে বের হয়ে যান। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হাফহাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬০ বছর। সেই ভিডিওতে তাকে একজন প্রশ্ন করেন, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেন? লুঙ্গি পরা ব্যক্তিটি বলেন, ‘আমি লুঙ্গি পরা। লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। ’

কিছুক্ষণ পর তাঁকে আবার প্রশ্ন করা হয়, তাহলে এখন সিনেমা দেখবেন কীভাবে? লুঙ্গি পরা ব্যক্তি বলেন, ‘এখন চলে যাব। চলে যাচ্ছি। ’ বয়স্ক ওই ব্যক্তিকে দেখা যায় হাসিমুখে বের হয়ে যেতে। তার মুখে হাসি থাকলেও এমন ঘটনায় ব্যথিত ‘পরাণ’ পরাণ ছবির নায়ক শরীফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম ও রাজ ফেসবুকে পোস্ট দিয়ে ওই বৃদ্ধের সন্ধান চেয়েছেন ও একসঙ্গে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।