ইন্দোনেশিয়া থেকে এল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম কয়লা

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এসেছে কয়লা। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে তিনটি লাইটারেজ (নৌযান) জাহাজে করে কয়লা আসার পর তা আনুষ্ঠানিকভাবে খালাস শুরু হয়।

এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামউল্লাহ, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজীম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কবির হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীনসহ স্থানীয় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল আজীম বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টায় দিকে জানান, এটাই প্রথম রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা আমদানী করা হয়েছে। বাংলাদেশ পতাকাবাহী এমভি আকিজ হেরিটেজ জাহাজে করে ইন্দোনেশিয়া থেকে এ কয়লা আমদানী করা হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক মো. খন্দকার রিয়াজুল হক বলেন, গত ২০ জুলাই ইন্দোনেশিয়ার তানজুম ক্যামফা বন্দর থেকে ৫৪ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা নিয়ে আকিজ হেরিটেজ জাহাজটি ছেড়ে আসে। এরপর গত ৩১ জুলাই চট্টগ্রাম বন্দরে জাহাজটি ভিড়ে সেখানে ১৮ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা খালাস করে। পরে ৩৬ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় জাহাজটি অবস্থান করবে। সেখানে শুক্রবার রাতেই কয়লা খালাস শুরু হবে। পরে তা রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।

আমদানি করা কয়লা বৃহস্পতিবার বিকেল থেকেই খালাস শুরু হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল আজীম বলেন, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা লাইটারেজে (নৌযান) করে এখানে আনা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে এই কয়লা খালাসের কাজ শুরু হয়। এখন থেকে ধারাবাহিকভাবে এই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি কয়লা আসা অব্যাহত থাকবে।

আমদানি করা এই কয়লা দিয়ে আগস্ট ও সেপ্টেম্বর এ দুই মাস রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলক চালানো হবে। তারপর অক্টোবর থেকে আনুষ্ঠানিক বিদ্যুৎ উৎপাদনে যাবে বিদ্যুৎকেন্দ্রটি।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, এ বিদ্যুৎ কেন্দ্রটির মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছেন ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (বিএইচইল) নামের রাষ্ট্রীয় সংস্থা। ২০১০ সালে ভূমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০১২ সালে আনুষ্ঠানিক শুরু হয় নির্মাণকাজ। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এখান থেকে দুই ইউনিটে ৬৬০ মেগাওয়াট করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।