যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দেশটির একজন নারী কংগ্রেস সদস্য নিহত হয়েছেন। সঙ্গে প্রাণ হারিয়েছেন তার কর্মীদের আরও দুই সদস্য। গত বুধবার ভ্রমণের সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ এবং নিহত ওই নারী কংগ্রেস সদস্যের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি। নিহত ওই নারী কংগ্রেস সদস্যের নাম জ্যাকি ওয়ালোরস্কি। রিপাবলিকান পার্টির ৫৮ বছর বয়সী এই আইনপ্রণেতা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার ২য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন। ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসেবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও। একই সঙ্গে এই কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।