শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো! নাকি ক্লাসের পড়া পড়তে পড়তে কিছুটা একঘেয়েমিতে ভুগছো? ক্লাসের বইয়ের পাশাপাশি অন্য বই পড়ার অভ্যাস তোমাকে দিতে পারে এই একঘেয়েমি থেকে মুক্তি। হাস্যরস সাহিত্যের কিংবদন্তি শিবরাম চক্রবর্তীর ‘বাড়ি থেকে পালিয়ে’ তোমাদের উপযোগী তেমন একটি বই।
‘বাড়ি থেকে পালিয়ে’ প্রকাশিত হয়েছিল ১৯৩৭ সালে। উপন্যাসটিকে অবলম্বন করে বিশ^বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ওই ছবিটিও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য ছবি হয়ে টিকে আছে। একটি শিশুর বিস্ময়ভরা চোখ দিয়ে গ্রাম ও শহর জীবনকে এই উপন্যাসে দেখেছেন শিবরাম। পটভূমিতে রয়েছে তিরিশের দশকের কলকাতা নগর। তখন শহর কলকাতা একটি সম্পন্ন নগরের রূপ পেয়ে গেছে। জীবন আক্রান্ত হতে শুরু করেছে নাগরিক জটিলতায়। গ্রাম ও নগরে জীবনযাপনের বৈশিষ্ট্যের পার্থক্য অনেকটাই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। নগর ও গ্রামের সম্পর্কের টানাপড়েনও শুরু হয়েছে।
এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কাঞ্চন খুব ডানপিটে একটি ছেলে। কলকাতা তার কাছে নতুন জায়গা। গ্রামের সরল দৃষ্টিতে নগরজীবন তার কাছে সম্পূর্ণ নতুন ঠেকেছিল। নগরের অনেক কিছুই তার মধ্যে জাগিয়েছিল বিস্ময়। দুষ্টুমি ও বিস্ময়ভরা চোখে তার দেখা গ্রামজীবনের সঙ্গে নগরজীবনের সুন্দর ও অসুন্দরকে মিলিয়ে নিতে পেরেছিল। শিশুর বিস্ময়ভরা চোখে দেখা জীবন হয়তো বাংলাসাহিত্যে আরও পাওয়া যাবে, কিন্তু গ্রাম ও নগরজীবনকে এমন কৌতুকরসপ্রবাহী সমালোচক-সত্তার দৃষ্টিতে দেখা উপন্যাসে সম্ভবত আর পাওয়া যাবে না।
বাড়ি থেকে পালানো কিশোর কাঞ্চন নতুন শহুরে জীবনে নানা প্রতিকূল অবস্থায় পড়েছে কিন্তু শিবরাম সে সব সংকটের দিয়েছেন আকস্মিক ও ইতিবাচক সমাধান। এইসব আকস্মিক তাকে হয়তো কেউ সমালোচনার দৃষ্টিতে দেখতে পারেন। তাদের কাছে মনে হতে পারে অতিকল্পনা। কিন্তু জীবনের নিষ্ঠুরতাগুলোকে সাধারণত শিশুসাহিত্যে খুব বেশি রকম বীভৎসভাবে দেখানো হয় না। সংগত কারণেই শিবরামও কলকাতা শহরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিশোরবয়সী কাঞ্চনকে সহজেই সংকটাপন্ন অবস্থা থেকে বের করে এনেছেন। মিলনাত্মকভাবেই শেষ হয়েছে কাহিনী।
একটি কিশোরের কয়েকটি দিনের জীবনযাপনের মধ্য দিয়ে এই উভমুখী মানবিক প্রবণতাকে ফুটিয়ে তুলেছেন তিনি। বাড়ি থেকে পালিয়ে বইটি পড়ে তোমাদেরও ইচ্ছে হতে পারে বাড়ি থেকে পালিয়ে এই মজার অভিজ্ঞতাটি নিতে। কিন্তু সাবধান, এমনটি করো না। কারণ গল্পের বইয়ের মতো সুন্দর সমাধান সবসময় হয় না বাস্তবের সংকটের। ‘বাড়ি থেকে পালিয়ে’ পড়ো কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে যেও না।