স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও স্টোরকিপারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী এমন অভিযোগ করেন।

মিজানুর রহমান জানান, গতকাল সকালে দাঁতের ব্যথার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ডাক্তার দেখান। ডাক্তার কয়েক প্রকারের ওষুধ লেখেন ও হাসপাতাল থেকে দেওয়ার জন্য সিøপ দেন। সিøপ দেখে ফার্মাসিস্ট শাহজাদা ও স্টোরকিপার আবুল কালাম মাউথওয়াশের জন্য পভিসেপ ওষুধ দেন। তা নিয়ে নিজের ক্রোকারি দোকানে চলে যান। সেখানে দেখতে পান পভিসেপ ওষুধটির প্যাকেটে লেখা চলতি বছরের মে মাস পর্যন্ত মেয়াদ রয়েছে।

এ বিষয়ে স্টোরকিপার আবুল কালাম বলেন, ‘শেষের সরবরাহ থেকে ওষুধ দিয়েছি। এখানে আগের সরবরাহকৃত কোনো ওষুধ ছিল কি না জানা ছিল না।’

ফার্মাসিস্ট মো. শাহজাদা বলেন, ‘এটা ভুলবশত হয়েছে। ওষুধ মেয়াদোত্তীর্ণ কি না তা দেখেই দেওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান শাহীন বলেন, ‘বিষয়টি জেনেছি। অতিদ্রুত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। স্টোরগুলো পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’