আসন্ন পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়াতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা মূলত ৭ থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। কিছু কিছু জায়গায় আবার ৬ আগস্ট থেকেও শুরু হয়ে যাবে। মূলত এ অনুষ্ঠানটি চার দিনব্যাপী। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। রুফটপেও আমাদের পুলিশ মোতায়েন থাকবে। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে। তাজিয়া মিছিলের এক-দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাজিয়া মিছিল নিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি না সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সে অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য রয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০১৫ সালে কিছু জঙ্গি তৎপরতার কারণে তাজিয়া মিছিলে একটি ঘটনা ঘটেছিল। তবে আপাতত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দা সূত্রে বা ডিএমপির সিটিটিসি সূত্রে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।