কপোতাক্ষ নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদীতে গোসল করতে গিয়ে এক কিশোর জীম হোসেন (১৪)  ও ছাব্বির হোসেন (৯) শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার সময় মহেশপুর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় মাছ ধরা জেলেদের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে জীম হোসেন মহেশপুর শহরের শিশু হাসপাতাল এলাকার ফারুক হোসেনের ছেলে ও ছাব্বির হোসেন একই এলাকার রহমত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে শহরের পাশে কপোতাক্ষ নদীতে ওই দুই শিশু গোসল করতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ থাকে। পরে তাদের বাড়ি ফিরতে দেরি দেখে লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মহেশপুর ফায়ার সার্ভিস ও মাছ ধরা জেলেদের সহযোগিতায় নদীতে নেমে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় মাছ ধরা জেলেদের সহযোগিতায় জীম হোসেন ও ছাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে। এদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।