গতকাল বাংলাদেশের এবারের কমনওয়েলথ গেমসের পাট চুকে গেছে কুস্তিগিরদের ব্যর্থতায়। কভেন্ট্রি এরেনায় কাল চার কুস্তিগির নেমেছিলেন নিজেদের প্রমাণে। এর মধ্যে দুই নারী কুস্তিগিরের প্রথম ম্যাচ জিতলেই নিশ্চিত হতো ব্রোঞ্জপদক। সুযোগ নিতে পারেননি দোলা খাতুন ও তিথি রায়। আব্দুর রশিদ হাওলাদার ও লিটন বিশ্বাসও পারেননি প্রি-কোয়ার্টারের বাধা পেরুতে। মেয়েদের ৬২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে দোলা ৪-০ পয়েন্টে ক্যামেরুনের ব্রেথ এমিলিয়েনের কাছে হারেন।
৬৮ কেজির কোয়ার্টার ফাইনালে তিথি রায় একই ব্যবধানে হেরে যান টোঙ্গার প্রতিপক্ষ টাইগার লিলির কাছে। ছেলেদের ফ্রি স্টাইল ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদার প্রি-কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাহে হেরেছেন ৫-০ পয়েন্টে। ১২৫ কেজি প্রি-কোয়ার্টার ফাইনালে লিটন বিশ্বাস ৪-০ পয়েন্টে হারেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে। ছেলেদের টেবিল টেনিস ডাবলসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রামহিমলিয়ান ব্রম ও মুহতাসিন আহমদে হৃদয়কে নিয়ে গড়া জুটি। ভারতের কাছে তারা হেরে যায় ৩-০ সেটে। এর ফলে কোনো ডিসিপ্লিনেই মেলেনি পদকের দেখা। কমনওয়েলথ গেমসের টানা পাঁচ আসরে পদক জয়ের পর এবার বাংলাদেশকে ফিরতে হচ্ছে শূন্য হাতে।