মঞ্চে ‘রক্তকরবী’

প্রায় তিন বছর পর মঞ্চায়িত হয়েছে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক রক্তকরবী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

প্রাঙ্গণেমোর জানায়, রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তকরবী’ নাটকটি লিখেছেন প্রায় শতবর্ষ আগে। ২০২৩ সালের ২৬ এপ্রিল নাটকটির ১০০ বছর পূর্তি হবে। এটি উদযাপনের জন্য বছরব্যাপী পরিকল্পনা করেছে প্রাঙ্গণেমোর নাট্যদল। এরই ধারাবাহিকতায় তিন বছরের দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরেছে প্রাঙ্গণেমোর-এর প্রযোজনা ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস শনিবার, তার প্রাক্কালে নাটকটির এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘রক্তকরবী’ নাটকে দেখা যায়, নন্দিনী মূর্ত হয়েছে প্রেম-ভালোবাসা ও সুন্দরের প্রতীক হয়ে। এতে রাজার আকুতি থাকে নন্দিনীকে বশ করে তার সৌন্দর্যে অবগাহন করার। কিন্তু নন্দিনী রঞ্জনকে ভালোবাসে তাই রাজার মধ্যে প্রেম জাগিয়ে তোলে। তবে সে নিজে ধরা দেয় না। পরিণতিতে দেখা যায়, যক্ষপুরীতে রাজার শোষণ, অত্যাচার আর নিপীড়নের বিপরীতে নিজের প্রেমের মৃত্যু ঘটলেও সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক নন্দিনী মানবিকতার পক্ষে জয় ছিনিয়ে আনে।

নাটকটিতে অভিনয় করেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ ও রুমা।