নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল ওরফে নূরনবী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত রুবেল ওরফে নূরনবী বাদীর পার্শ্ববর্তী ভাড়াটিয়া।
তারা একসময় পাশাপাশি থাকত। প্রায় সময় সে বাসায় যাওয়া-আসা করত। এর মধ্যে গত ১৭ জুলাই রুবেল শিশুকে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আজিজুল হক জানান, শিশুর বাবা বৃহস্পতিবার মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত আসামি রুবেল ওরফে নূরনবীকে শুক্রবার সকালে মুসলিম নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করা হয়েছে।