গোল করে মিউনিখে অভিষেকটা রাঙালেন মানে

জয় দিয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছেন টানা দশবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সঙ্গে বায়ার্নের হয়ে প্রথম ম্যাচে গোল করে লিগের অভিষেকটা রাঙালেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। শুক্রবার রাতে তারা ফ্র্যাঙ্কফুর্টকে ৬-১ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে তারা।

বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। এছাড়া একটি করে গোল পেয়েছেন জসুয়া কিমিখ, বাঁজামাঁ পাভার্ড, সাদিও মানে ও সের্গে জিনাব্রি।

এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রাঙ্কফুর্টের রক্ষণে হামলে পড়ে বায়ার্নের খেলোয়াড়রা। ফল পেতে একটুও দেরী করতে হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোল পায় তারা। দারুণ এক গোলে লক্ষ্যভেদ করেন জসুয়া কিমিখ। পাঁচ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় বায়ার্ন। এবার গোলদাতার তালিকায় নাম লেখান বাঁজামাঁ পাভার্ড।

বায়ার্নের একের পর এক আক্রমণ আটকাতে ফ্রাঙ্কফুর্টের রক্ষণভাগের খেলোয়াড়রা হিমশিম খাচ্ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও বায়ার্নের গোল দেওয়ার মিছিল আটকাতে পারেননি তারা।

ম্যাচের ২৯তম মিনিটে বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় প্রথম গোল করেন কয়েকদিন আগেই লিভারপুল থেকে দলে আসা সাদিও মানে। বুন্দেসলিগায় এটাই ছিল মানের অভিষেক ম্যাচ।

৩৫তম মিনিটে গোল সংখ্যা হালি পূর্ণ করেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পাঁচ গোল করে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে ফ্রাঙ্কফুর্টের জালে ম্যাচে পঞ্চমবারের মতো বল পাঠান জিনাব্রি।

দ্বিতীয়ার্ধে গোলের মিছিল থেমে যায় বায়ার্নের। ৬৪তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের হয়ে প্রথম ও ম্যাচের একমাত্র গোল করেন  কোলো মুয়ানি। তাতে অবশ্য শুধু ব্যবধানটাই কমেছে। ম্যাচের ৮৩তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের কফিনে শেষ পেরেকটা পোতেন বায়ার্নের ১৯ বছর বয়সী মিডফিল্ডার মুসিয়ালা। ম্যাচে যেটা মুসিয়ালার দ্বিতীয় গোল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে, বুন্দেসলিগার প্রথম ম্যাচে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।