শ্রীলঙ্কায় এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হবে। দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার গ্যাসের বাজারের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে কোম্পানিটি। শনিবার কলম্বো পেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্র্তৃপক্ষ কর্র্তৃক প্রবর্তিত গ্যাসের দামের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে ৪,৯১০ রুপিতে দাঁড়ায়। পিরিস জানিয়েছেন, কোম্পানিটির কাছে গ্যাসের মজুদ যথেষ্ট রয়েছে। ফলে দীর্ঘ লাইন আর তৈরি হবে না। তাছাড়া অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে। লিটরোর চেয়ারম্যান জানান, ইতিবাচক দিক হলো বিশ্ববাজারে গ্যাসের দাম কমার সুবিধা জনগণকে দেওয়া হবে। তিনি জানান, যদি গ্যাসের জাহাজ খারাপ আবহাওয়ার কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে আনলোড করতে অক্ষম হয় তাহলে এক বা দুদিন বিলম্ব হতে পারে। তিনি আরও বলেন, কোনো ঘাটতি ও লাইন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের সব পদক্ষেপ নেওয়া হয়েছে।