আজ মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বাড়ছেই। নুরুল হাসান সোহান, লিটন দাস, শরিফুল ইসলামের পর চোটে পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই বাঁহাতি পেসারকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন দলের ফিজিও। তাই এ ম্যাচে নিশ্চিত একাধিক বদল আসছে। লিটন ও ফিজের বদলে দুই পরিবর্তনের পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল বা নাসুমের যেকোনো একজন খেলবেন বলে জানিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আগেই ইনজুরিতে পড়েন সেরা একাদশের অংশ নুরুল হাসান সোহান ও লিটন দাশ। দুজনই সিরিজ থেকে ছিটকেও গেছেন। তাতে দলে ফিট ক্রিকেটারের সংখ্যা কমেছে। আরও বাজে কিছু হলে একাদশ সাজানো কঠিন হতে পারে বাংলাদেশের। তাই দুজনের জায়গায় বাড়তি দুই ক্রিকেটারকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন যোগ দিচ্ছেন। গতকাল রাত পৌনে ৮টার বিমানে তারা জিম্বাবুয়ে রওনা দিয়েছেন।

ওয়ানডে দলে ব্যাটসম্যান হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। লিটন না থাকায় টপঅর্ডারে একজন বাড়তি ব্যাটারকে খেলাতে হবে সিরিজের বাকি অংশে। ধারণা করা হচ্ছে, শান্ত সুযোগ পাচ্ছেন। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে পাঠিয়ে শান্তকে তিনে খেলানো হতে পারে। সেক্ষেত্রে নাঈমের খেলার সুযোগ সামান্যই। মূলত টি-২০ ব্যাটসম্যঅন নাঈম ক্যারিয়ারে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের সঙ্গে ব্যাট হাতে নামতে হয়নি। আর গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে করেন মাত্র ১ রান। সেই থেকে ওয়ানডের চিন্তাতে ছিলেন না এই ওপেনার। পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও গত বিশ্বকাপের পর জায়গা হারান তিনি। বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকায় খুবই খারাপ অবস্থা ছিল তার। ৮ ম্যাচ খেলে ৫০ রান করেন কেবল। শেষ দিকে দলে জায়গাও হারান। তবে ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩৮.১৬ গড়ে ৪৫৮ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ গড়ে ৫৫ ম্যাচে তার সংগ্রহ ২২৮০। ২৮ এপ্রিল সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা নাঈমকে লিটনের জায়গায় এশিয়া কাপে খেলানোর চিন্তা থেকে দলে ডাকতে পারেন নির্বাচকেরা।

এবাদত হোসেনের ডাক পাওয়া এই পেসারের কাছেই চমক। বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন ক্যাম্পে তিনি ছিলেন খুলনায়। সেখান থেকেই পরশু রাতে বিসিবি থেকে ফোন পান জিম্বাবুয়ে যাওয়ার। খুলনায় লাল বলে অনুশীলন করলেও এবাদত জানান সাদা বলে সমস্যা হবে না তার, ‘গতকাল (পরশু) রাতে কল আসে জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। লাল বলে অনুশীলন করলেও সমস্যা নেই। আমি অনুশীলনের মধ্যেই আছি।’