মাঝে এক দিন বিরতি ছিল। এরপর আবারও শুরু হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। শুক্রবার সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫তম বাছাই বাংলাদেশ দল ৩১ সিডেড সুইডেনের সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করে।
মহিলা বিভাগে সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে সিরিয়াকে পরাজিত করে। পুরুষ বিভাগে বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) সুইডেনের গ্র্যান্ডমাস্টার গ্রান্ডিলিয়াস নিলসকে (রেটিং-২৬৫৫) পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার রাজীব সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার গ্রান্ডিলিয়াসের সিসিলিয়ান পদ্ধতির বিরুদ্ধে ইংলিশ অ্যাটাক পদ্ধতিতে খেলে ৫৫ চালের মাথায় জয়ী হন।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) সুইডেনের গ্র্যান্ডমাস্টার হির্লাপ পারসন টিগারের (রেটিং-২৫১৬) সঙ্গে ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) সুইডেনের গ্র্যান্ডমাস্টার ওয়েস্টারবার্গ জোনাথনের (রেটিং-২৪৭৬) সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) সুইডেনের গ্র্যান্ডমাস্টার ইমানুয়েল বার্গের (রেটিং-২৫৩৩) কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল সাত খেলায় আট পয়েন্ট নিয়ে ৫৯তম স্থানে রয়েছে। মহিলা দল ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে রয়েছে।