অভিনব কায়দায় ট্রাকের তেলের টাংকির ভেতর ইয়াবা পাচারকালে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদককারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আমিনুল ইসলাম (২৬), মো. হেদায়েত উল্লাহ (২০) ও মো. নুরুল ইসলাম (৪৮)। আমিনুল ও হেদায়েতের বাড়ি চট্টগ্রামের বায়েজিদে আর নুরুলের বাড়ি বান্দরবানের লামায়।
র্যাব জানায়, চক্রটি টেকনাফ হতে ইয়াবা রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত। মূলত ট্রাকের মালিক সোহেলের নেতৃত্বে ৪/৫ বছর ধরে চক্রটি পরিবহন ব্যবসার আড়ালে টেকনাফ হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার কার্যক্রম পরিচালনা করে থাকে।