অর্থ পাচার: ফালুসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ আগস্ট

দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ গঠনের শুনানির দিন হিসেবে ১৭ আগস্ট ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকা বিভাগীয় বিশেষ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া শুনানির তারিখ নির্ধারণ করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা কাউন্সিল সদস্য ফালু এই মামলায় কোনো আদালত থেকে জামিন না নেয়ায় অভিযোগপত্রে তাকে ‘পলাতক’ দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তিনি বিদেশে চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ। পরবর্তীতে এ মামলায় ফালুকে ‘পলাতক’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।

ফালু ছাড়া এই মামলায় জামিনে থাকা অন্য দুজন আসামি হলেন—আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।

দুদকের সহকারী পরিচালক ও এই মামলার তদন্ত কর্মকর্তা ম. গুলশান আনোয়ার প্রধান গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনিয়র স্পেশাল জজ কোর্টের কাছে অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য ৩ ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলার এজাহারে বলা হয়, ফালু ও অপর ৩ ব্যবসায়ী আরএকে সিরামিকস ও রাখেন ডেভেলপমেন্ট কোম্পানির এমডি এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান এবং পরিচালক ম. আমির হোসাইন দুবাইতে ২০১০ সালে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড ও ডেভেলপমেন্ট ইইউই নামে ৩টি প্রতিষ্ঠান চালু করেন।

এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা অবৈধভাবে দেশটি থেকে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করেন।

আদালতের নির্দেশ মতে, এ মামলার সূত্রে দুদক ২০১৯ সালের ৩১ অক্টোবর ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পত্তি ক্রোক করে.