বৃহত্তর চট্টগ্রামবাসীর চাহিদা অনুযায়ী চট্টগ্রাম থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১১ টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিনে দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে উড্ডয়ন করে চট্টগ্রামে দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছাবে।
চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮,৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ১৬৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
বৃহত্তর চট্টগ্রাম থেকে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কলকাতায় ভ্রমণ করে থাকে। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দু’বার কলকাতা ও একবার চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের সকল অভ্যন্তরীণসহ ঢাকা থেকে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
চট্টগ্রাম-কলকাতা রুটে টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।