রাজা-চাকাভার জুটিতে লড়াইয়ে জিম্বাবুয়ে

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল। পাওয়ার প্লেতে তাই বেশি রান তুলতে পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লের পর চতুর্থ উইকেটও পড়ে দ্রুতই। এরপরই যেন ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা ও অধিনায়ক রেজিস চাকাভার শতরানের জুটিতে লড়াইয়ের ভিত তৈরি হয়েছে।

আগের ম্যাচের আগ্রাসী রাজা এই ম্যাচে খেলছেন একটু দেখেশুনেই। তবে সুযোগ পেলেই খেলছেন হাত খুলে। মিরাজকে ইনসাইড আউটে ছয়, ওই শটেই ফিফটি পূর্ণ করলেন রাজা। ৬৭ বলে পূর্ণ করেছেন সেটি। পরের ওভারে তাইজুলকে মেরেছেন আরেকটি বড় ছক্কা। ২৯ ওভার শেষে জিম্বাবুয়ে তুলেছে ৪ উইকেটে ১৩৯ রান। চাকাভার সঙ্গে রাজার জুটি অবিচ্ছিন্ন ৯০ রানে।

তবে রেজিস চাকাভাকে দেখা যাচ্ছে আগ্রাসী ভূমিকায়। দুজনেই ব্যাক্তিগত সংগ্রহে তুলে নিয়েছেন অর্ধশতরানের ইনিংস। দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ সেরা তাসকিন আহমেদ এ ম্যাচেও করছেন খরুচে বল। তার করা ৩০তম ওভারে পরপর চার বলে চারটি বাউন্ডারি মারেন রেজিস চাকাভা। সেই ওভারেই শতরান স্পর্শ করে এই দুই জুটি। চাকাভাও ফিফটি তুলে নেন সে ওভারে।

৩৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ৮৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৯ রানে অপরাজিত আছেন সিকান্দার রাজা। অন্য প্রান্তে ৪৭ বলে ৬৬ রানে অপরাজিত রেজিস চাকাভা। ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।