আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার বা আটক করার বিষয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ কিছু দেশি-বিদেশি গণমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে তা তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশসন বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল আলম ওরফে হিরো আলম ফেইসবুক/ইউটিউব চ্যানেল তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড, কনটেন্ট শেয়ার করে থাকেন। এসব কনটেন্টের কিছু অংশে বিধিবহির্ভূতভাবে পুলিশের পোশাক পরে আপত্তিজনকভাবে কিছু অভিনয় প্রদর্শিত হয়; যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সঙ্গীত প্রচার করেন যার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অনেকে অভিযোগ করেন। বিকৃতভাবে পুলিশের পোশাক পরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিভিন্ন প্রতিথযশা শিল্পী ও কলাকুশলীদের গান বিকৃত সুরে উপস্থাপন সম্পর্কিত তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তাকে অবহিত ও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে গত ২৭ জুলাই সকালে ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষ হলে ওইদিন দুপুরে হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয় ত্যাগ করেন। ইতিমধ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ কিছু দেশি-বিদেশি গণমাধ্যম তাকে গ্রেপ্তার করা হয়েছে বা দীর্ঘসময় ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। হিরো আলমকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি আদৌ তথ্যভিত্তিক নয়। গত ২৭ জুলাই হিরো আলমকে ডিএমপির গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বা আটক করেনি বরং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।