কারচুপি করে ভোক্তাদের জ্বালানি তেল কম দেওয়ায় গতকাল রবিবার কুড়িগ্রাম ও গাইবান্ধায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরিদপুরে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে দাম বেশি নেওয়ায়। অপরদিকে, জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পুঁজি সংকটে পড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের কয়েকজন ফিলিং স্টেশন মালিক ডিপো থেকে তেল তুলতে পারেননি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুড়িগ্রাম : পৌরশহরের সোনামণি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম। পরিমাপে কারচুপির অপরাধে পেট্রল পাম্পটিকে জরিমানা করা হয়। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকার এ পাম্পে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, সোনামণি ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রলে ২৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। অভিযানে পেট্রল কম দেওয়ার বিষয়টি ধরা পড়লে পাম্প মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। কুড়িগ্রাম কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক নাসির উদ্দীনসহ থানার পুলিশ এসময় উপস্থিত ছিলেন।
গাইবান্ধা : পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে অধিদপ্তরের গাইবান্ধার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস ছালাম এ অভিযান পরিচালনা করেন।
ফরিদপুর : লিটারে পাঁচ পয়সা করে বেশি নেওয়ায় ফরিদপুর বাইপাসের মেসার্স রংধনু ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে এ অভিযান চালান অধিদপ্তরের ফরিদপুরের উপ-পরিচালক সোহেল রানা। এসময় আরও কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে সেগুলোতে জ¦ালানি তেলের পরিমাণ ও দাম যথাযথ পাওয়া যায়।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাঘাবাড়ী অয়েল ডিপোতে বিক্রি কমে গেছে। জ্বালানি তেল পরিবেশক ও পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় তারা পুঁজি সংকটে পড়ে গতকাল রবিবার বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে অনেকেই তেল তুলতে পারেননি।