স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকরা ছুটির দিনেও পাবেন ‘ডিস্ট্রিবিউটর ফাইনান্সিং লোন’

ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স প্রোগ্রামের অধীনের দেশের প্রথম অটোমেটেড ওভার-দা-উইকএন্ড ঋণ বিতরণ সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর ফলে ব্যাংকের গ্রাহকরা সাপ্তাহিক ছুটির দিনেও ডিস্ট্রিবিউটর ফাইনান্সিং লোন গ্রহণ করতে পারবে। প্রথম গ্রাহক হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেড এই ঋণ গ্রহণ করে। 

দীর্ঘদিন যাবৎ গ্রাহকরা ছুটির দিনেও ঋণ বিতরণ ব্যবস্থা চালুর চাহিদা প্রকাশ করছিল। কারণ ছুটির দিনগুলোতেও ডিস্ট্রিবিউটরদের পণ্য ডেলিভারি করতে হয়, কিন্তু মূল্য পরিশোধের আগে উৎপাদক-মহল পণ্য সরবরাহে অনীহা প্রকাশ করে। এর ফলে ডিস্ট্রিবিউটরদের সাপ্তাহিক ছুটির আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ঋণ সংগ্রহ করতে হতো। তবে নতুন এই অটোমেটেড ওভার-দা-উইকএন্ড ঋণ বিতরণ ব্যবস্থার মাধ্যমে তারা এখন ছুটির দিনেও প্রয়োজন মতো ঋণ গ্রহণ এবং ব্যাংক ইন্টারেস্টের খরচ বাঁচাতে সক্ষম হবে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুথফুল আরেফিন খান বলেন, ‘গ্রাহকদের ডিস্ট্রিবিউটররা অধিকাংশই ক্ষুদ্র-মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) পরিচালনা করে এবং তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা ডিস্ট্রিবিউটর ফাইনান্সিং প্রোগ্রামটি শুরু করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে তারা জামানতমুক্ত স্ট্রাকচার ও প্রতিযোগিতামূলক বাজারদর নিশ্চিতের পাশাপাশি আর্থিক শৃঙ্খলা ও সঠিক হিসাবরক্ষণ শিখছে। ঋণ বিতরণ দ্রুততর করতে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং অনলাইনের মাধ্যমে পরিচালনা করছি। সর্বপ্রথম গ্রাহক হিসেবে সাপ্তাহিক ছুটির দিনে ডিস্ট্রিবিউটর ফাইনান্সিং লোন গ্রহণ করায় নেসলে বাংলাদেশ লিমিটেড-কে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।’

নেসলে বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর দীপাল আবেবিক্রমা বলেন, ‘উভয় প্রতিষ্ঠান একত্রে ‘কাস্টমার সেন্ট্রিসিটি’র প্রতি ফোকাস করে আরও একটি উদ্ভাবনী ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট’ সলিউশন প্রদান করছে, যা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। এই নতুন সলিউশন আমাদের গ্রাহকদের হাতে উন্নতমানের পণ্য পৌঁছে দিতে এবং গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে সাহায্য করবে। আমার বিশ্বাস এই দুর্দান্ত সলিউশন থেকে অন্যান্য এসএমইগুলোও সমানভাবে উপকৃত হবে। ব্যাংকিং সলিউশনের অগ্রগতিতে নেসলে বাংলাদেশ লিমিটেড-এর পাশে থাকার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে অসংখ্য ধন্যবাদ।’