কুমিল্লায় কৃষিমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, তেলের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না, কৃষকরা হয়তো আগের মতো লাভবান হতে পারবেন না। সরকার কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে।

গতকাল রবিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত রিজার্ভ আছে, তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রপ্তানিযোগ্য করতে পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং কারখানা চালু করা হবে। তিনি আরও বলেন, দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারেও কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির।