চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সোহান। ফিরে এসেছিলেন দেশে। বাঁ হাতের তর্জনীর চোটের গভীরতা পর্যবেক্ষণের জন্য রবিবার তাই গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানে আজ হয়েছে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে তাই মাঠের বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ। তাই আসন্ন এশিয়া কাপে তাকে না পাওয়া অনেকটাই নিশ্চিত।
এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বাকিদের স্কোয়াড দেওয়ার কথা ছিল ৮ আগস্টের মধ্যে। তবে বিসিবি অনুরোধের প্রেক্ষিতে তিনদিন সময় বাড়িয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১১ আগস্টের মধ্যেই চূড়ান্ত হবে টাইগারদের স্কোয়াড। সেখানে সোহানকে ছাড়াই দল ঘোষণা করতে হচ্ছে বিসিবিকে।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রে বলেছে, চোটের কারণে এশিয়া কাপে সোহান যে খেলতে পারছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। তাঁকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। যদি তার অস্ত্রোপচারের প্রয়োজন না হত তবে তাকে দলে অন্তর্ভূক্ত করার সুযোগ থাকত।
সিঙ্গাপুরের ‘র্যাফেলস’ হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক ‘জনাথন গো’কে দেখান সোহান। হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ। তার চোটাক্রান্ত হাত দেখার পর তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সোহানের চোটের অবস্থা বিবেচনা করে ইতোমধ্যে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ ধরে নিয়েছে যে, তাঁকে এশিয়া কাপে পাওয়া যাবে না। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুতের লক্ষ্য তাদের।
আরব আমিরাতে ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হলেও এর তিন দিন পর মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়েতে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এশিয়া কাপে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি না। তবে ভালো করার চেষ্টা আছে। জিম্বাবুয়ে সিরিজে যেভাবে কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেখেছি, তাতে মনে হয়েছে এশিয়া কাপে আমরা ভালো করব। লিটন কুমার দাস আগের ছন্দে ফিরে এসেছে। আফিফ হোসেন ভালো করেছে। দায়িত্ব নিয়ে খেলেছে সোহান। আর শেখ মেহেদীকে দেখে মনে হয়েছে সে টি-টোয়েন্টির খেলোয়াড়। আমার বিশ্বাস, এবার এশিয়া কাপে আমরা পরের রাউন্ডে যাব।’
চোটের উদ্বেগ ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ নিয়ে বিসিবি আছে নানা জটিলতায়। কারণ এই ফরম্যাটের অধিনায়ক এখনও চূড়ান্ত করেনি বোর্ড। অধিনায়কের তালিকায় তিনি সাকিব আল হাসানের নাম সবার উপরেই ছিল। তবে বেটউইনার নিউজের সঙ্গে স্পনসরশিপ চুক্তির বিষয়ে বোর্ডের কাছে তার অবস্থান পরিষ্কার করতে হবে।
যদিও বিসিবি সভাপতি সম্প্রতি জানিয়েছিলেন তাদের সামনে চার জন বিকল্প রয়েছেন। সোহানের চোটের পর লিটনকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে বলা হয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান বলে দায়িত্ব নিতে অনীহা দেখান লিটন। এর বাইরে অধিনায়কত্বের দৌড়ে মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়ে রয়েছেন। যদিও বিসিবির একাধিক মহল জানিয়েছে সে সম্ভবনা খুবই ক্ষীণ।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাকিব তার টি-টোয়েন্টি অধিনায়কত্বের সময়সীমা জানতে চেয়েছিলেন। সূত্র জানিয়েছে যে তাকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলে তিনি তা নিতে প্রস্তুত, যার অর্থ তিনি পরবর্তী বিশ্বকাপকেও লক্ষ্য করছেন এবং সেই অনুযায়ী তার দলকে প্রস্তুত করতে চান।