শ্রীলঙ্কায় অর্ধশত জ্বালানি স্টেশন চালু করছে ভারত

নজিরবিহীন অর্থনৈতিক ও জ্বালানি সংকট প্রশমনে ভারতের তেল কোম্পানি লঙ্কা ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে (এলআইওসি) দেশজুড়ে ৫০টি নতুন জ্বালানি স্টেশন চালুর অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার এলআইওসির একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ভারতীয় তেল কোম্পানি লঙ্কা ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনোজ গুপ্ত রয়টার্সকে বলেছেন, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহে ছোট একটি পক্ষ এলআইওসি। ইতিমধ্যে সেখানে তাদের ২১৬টি জ্বালানি স্টেশন রয়েছে এবং নতুন করে আরও স্টেশন স্থাপনের জন্য প্রায় সাড়ে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ভারত সরকারের মালিকানাধীন তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসিএনএস) সহযোগী প্রতিষ্ঠান হলো এলআইওসি। এই কোম্পানিটি কলম্বো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। মনোজ গুপ্ত বলেছেন, আমরা এই অনুমোদন পাওয়ার জন্য কিছুদিন ধরে চেষ্টা করছি। শ্রীলঙ্কায় চ্যালেঞ্জ মোকাবিলায় তার কোম্পানি সহায়তা ও বৃহত্তর ভূমিকা পালন করতে ইচ্ছুক। শ্রীলঙ্কার বৃহত্তম খুচরা জ্বালানি বিক্রেতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) দেশজুড়ে ১ হাজার ১৯০টি জ্বালানি স্টেশন পরিচালনা করে।