এশিয়া কাপ শেষ নুরুল হাসানের

সিঙ্গাপুরে গিয়ে বাজে সংবাদটাই দিতে হলো নুরুল হাসান সোহানকে। বাম হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে তার। এদিকে আবার ইনজুরিতে ইয়াসির আলি রাব্বি। পিঠের পুরনো ব্যথা আবার বেড়েছে তার। এশিয়া কাপের জন্য ১৫-১৬ সদস্যের দল ঘোষণায় তাই নির্বাচকদের বেশ মাথা ঘামাতে হচ্ছে।

বাঁহাতের তর্জনির চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন এই উইকেটরক্ষক। সেখানে নিজের ভেরিফাইড ফেইসবুকে পেজেই অস্ত্রোপচারের খবর দিয়ে সবার কাছে দোয়া চান সোহান। কালই ছোট অপারেশনটি হয়ে গেছে। আজ দেশেও ফিরে আসছেন তিনি। কাল রাতে বিসিবি এক প্রেস রিলিজে জানায় সোহান তিন-চার সপ্তাহের জন্য বাইরে। তার মানে এশিয়া কাপ একরকম অনিশ্চিত এই উইকেটরক্ষকের জন্য। এদিকে নতুন করে শঙ্কা রাব্বিকে নিয়ে। উইন্ডিজ সিরিজে পাওয়া পিঠের চোট থেকে সারতে পুনর্বাসনে ছিলেন। খুলনা বিসিবি টাইগার্সের অনুশীলন ক্যাম্প করছিলেন। সেখানেই রবিবার আবার পিঠে চোট পেয়েছেন। এরপর মাঠ ছেড়ে যান, গতকাল ঢাকা ফিরে আসতে হয়েছে তাকে। এশিয়া কাপেও এই ব্যাটার অনিশ্চিত।

আজ সোমবার ঢাকায় ফিরেছেন রাব্বি। সোহানকে নিয়ে দেশে ফিরে আগামী বুধবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী দেখবেন রাব্বিকে। তবে বোর্ড সূত্র থেকে জানা গেছে, তার চোটের যে ধরন, তাতে এশিয়া কাপে রাব্বিকে না পাওয়ার শঙ্কা সম্ভাবনা বেশি। লিটন দাশেরও এশিয়া কাপ অনিশ্চিত। পায়ের লিগামেন্টে যে চোট পেয়েছেন তা সারতে তিন সপ্তাহের মতো সময় লাগে। একমাত্র সুসংবাদ মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে। এই পেসার পুরোদমে বল করতে পারছেন। অনুশীলনে যোগ দিতে আজ খুলনা রওনা হচ্ছেন তিনি।